দেশে জঙ্গি তৎপরতার কথা ডিএমপি কমিশনার উড়িয়ে দিলেও তার অধীনস্ত সংস্থাই একজনকে ‘জঙ্গি সদস্য’ হিসেবে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) শনিবার সন্ধ্যার পর জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম দিক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে।
সিটিটিসি বলছে, গ্রেপ্তার আহসান জহীর খান (৫০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এহসার সদস্য।
“গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবি’র সক্রিয় সদস্য । তিনি ও তার অপরাপর পলাতক সহযোগীগণ নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণের উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিল।”
সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জেএমবি সদস্যরা ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছদ্ম নামে নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন। তারা ‘উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ’ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতেন।
আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
হোলি অর্টিজানে হামলার নবম বর্ষপূর্তির আগে গত ৩০ জুন রাতে পুলিশ কমিশনার সাজ্জাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আছে ছিনতাইকারী। ‘পেটের দায়ে’ লোকে ছিনতাই করে।
“আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কীসের জঙ্গি!” –এমন মন্তব্যও তিনি করেন।
এরপর আরো অনেক সংবাদমাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে। ডিএমপি কমিশনারের ওই বক্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা হয়।
পরে এ নিয়ে এক ব্যাখ্যায় ডিএমপি বলেছিল, “হোলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় গত ১ জুলাই বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে যে খবর প্রকাশিত হয়েছে, তা খণ্ডিত বক্তব্য হিসাবে উপস্থাপন করা হয়েছে।”
ওই বিবৃতিতে হোলি আর্টিজানের ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।
‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিদের গ্রেপ্তার এবং তিনজনকে ফেরত পাঠানোর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত ৬ জুলাই বলেছিলেন, দেশে অতীতে জঙ্গি তৎপরতা থাকলেও এখন সেসব ‘নির্মূল করা হয়েছে’।
সুত্র: বিডিনিউজ.২৪.কম
