ঝিনাইদহে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে চান্দিনা খাতুন (২২) দুই সন্তানের জননী গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাথার চুল কেটে আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃহষ্পতিবার সকালে ওই গৃহবধূকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। শুক্রবার ভুক্তভোগী নারীর বাবা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত এহাজার সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে বুধবার রাতে চান্দিনা খাতুনের স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে শারীরিক ও মানসিক নির্যাতন করে মধ্যযুগীয় ভাবে মাথার চুল কেটে একটি ঘরে আটকিয়ে রাখে । পরের দিন প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চান্দিনা খাতুন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাজেদুল মন্ডলের মেয়ে। ৫ বছর আগে সদর উপজেলার ভূপতিপুর গ্রামের মিন্টু চৌধুরীর ছেলে মোঃ আমিরুল চৌধুরীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় চান্দিনার। আড়াই বছর আগে দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় মালয়েশিয়ায় যান আমিরুল চৌধুরী। এক মাস আগে তিনি প্রবাস থেকে ফিরে এসেছেন। চান্দিনা খাতুনের ৩ ও ২ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। হাসপাতালে ভর্তি চান্দিনা খাতুন দৈনিক মুক্ত সমাজ কে বলেন, আমি একটি বাটন মোবাইল ব্যবহার করি। বুধবার রাতে হঠাৎ করে আমার স্বামী আমাকে দোষারোপ করে আমি কোন ছেলেকে এসএমএস দিয়েছি। আমি অস্বীকার করলে আমাকে কিল-ঘুষি মারা শুরু করে। এক পর্যায়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে আমাকে ধরে জোর করে কাচি দিয়ে মাথার চুল কেটে নির্যাতন করে বাড়ির পাশে একটি পরিত্যক্ত দোকান ঘরে আটকিয়ে রাখে। সারারাত আমার ছোট ছেলেটা আমার কাছে আসার জন্য কাদলেও আমার কাছে আসতে দেয়নি। পরের দিন প্রতিবেশিদের সহযোগিতায় আমি আমার বাবার মোবাইলে কল দিয়ে জানালে তারা এসে আমাকে উদ্ধার করে।
চান্দিনার বাবা মাজেদুল মন্ডল বলেন, জামাই বিদেশ যাওয়ার আগে আমরা ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলাম। এবার ফিরে এসে আবার ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করছে। আমরা দিতে অস্বীকৃতি জানালে আমার মেয়ের ওপর নির্যাতন শুরু করে। গত বুধবার রাতে আমার মেয়েকে মাথার চুল কেটে মধ্যযুগীয় ভাবে নির্যাতন করে আটকিয়ে রাখে। খবর পেয়ে আমরা যেয়ে উদ্ধার করে নিয়ে আসি।
অভিযুক্ত আমিরুল চৌধুরীর মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আমিরুল ইসলামের বাবা মিন্টু চৌধুরী মোবাইলে বলেন, আমি ইজিবাইক চালায়। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে যেয়ে দেখি আমার ছেলে আমার বউমার মাথার চুল কেটে দিয়েছে। পরে আমাদের বাড়ির সাথেই একটি দোকানে বউমাকে রাখা হয়। সেখানে খাট-বিছানা সহ শোবার ব্যবস্থা আছে। কি কারণে এমন নির্যাতন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার বউমা অন্য মানুষের সাথে পরকীয়ায় লিপ্ত। ছেলে সেটা জানতে পেরে এমন করেছে।
তবে ভুক্তভোগীর চাচা সাজেদুল ইসলাম বলেন, আমার ভাতিজি কোন অপরাধ করে থাকে তবে আমাদের জানাতে পারতো। আমরা ভূপতিপুর গ্রামে যেয়ে মানুষের কাছে শুনেছি। কেউ বলতে পারছে না যে কখনো আমার ভাতিজির বিষয়ে কোন কথা উঠেছে। জামাই বিদেশ থেকে ফিরে আবার অন্য দেশে যাবার জন্য টাকা দাবি করছে। সেই টাকা আমার ভাই দিতে অস্বীকৃতি জানালে ভাতিজিকে এমন নির্যাতন করেছে। এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সুত্র: মানবকন্ঠ
