মাদারীপুরের শিবচর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করে।
এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত ধর্ষক জায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ভিকটিম মানসিক ভারসাম্যহীন নারীটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
সুত্রঃ দেশ রূপান্তর
