ইয়াসমিন হত্যায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে একটি কনভিনিয়েন্স স্টোরে বাইরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত প্রবাসী বাংলাদেশি মহিলার নাম ইয়াসমিন। তিনি ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের বাসিন্দা।
ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যম গাল্ফ কোস্ট এনবিসি-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাঁর নাম রলবার্ট জোয়াকিন (৪০)। তার বিরুদ্ধে হত্যা ও সম্পদ ক্ষতির অভিযোগ আনা হয়েছে। তাকে লি কাউন্টি জেলে পাঠানো হয়েছে।
ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ (এফএমপিডি) জানিয়েছে, ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড ও হাইল্যান্ড অ্যাভিনিউয়ের মোড়ে অবস্থিত একটি শেভরন গ্যাস স্টেশনে এই হত্যাকাণ্ড ঘটে। ইয়াসমিন ওই গ্যাস স্টেশনটিতে কর্মরত ছিলেন বলে একাধিক কর্মী নিশ্চিত করেছেন।
গ্যাস স্টেশনের সিসিটিভি ফুটেজের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, আসামি একটি গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করছেন। এসময় গাড়ি থেকে ইয়াসমিন বেরিয়ে এলে আসামি তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এতে তাৎক্ষণিক ইয়াসমিন লুটিয়ে পড়ে যান।
খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইয়াসমিনকে উদ্ধার করে। পরে সকাল ৭টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করে সেখানকার চিকিৎসক।
সুত্রঃ বাংলা ষ্ট্রিম
