দেশে গত আগস্ট মাসে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু।
মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের তথ্য সংকলন করা হয়েছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু এবং ৪৫ জন নারী।
ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু ও ১৮ জন নারী। তাদের মধ্যে আটজন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। এ ছাড়া ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে ২৪ জন কন্যাশিশু। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন, যার মধ্যে ১২ জন কন্যাশিশু। অন্যদিকে উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন নয়জন, যাদের মধ্যে আটজন কন্যাশিশু।
এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন চার কন্যাশিশুসহ সাতজন।
মহিলা পরিষদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্ট মাসে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
মহিলা পরিষদ জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। ফলে প্রকৃত নির্যাতনের সংখ্যা আরও বেশি হতে পারে।
সুত্র: ঢাকা টাইমস
