কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশে জুগিরকান্দি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে বের হয় মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর রাতে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
কিন্তু দীর্ঘ চার দিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। মাহিমা আক্তার মাহির নিখোঁজের ঘটনায় তার মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সুত্র: নয়াদিগন্ত
