ভারতের দিল্লিতে জনপ্রিয় ক্রাইম ওয়েব সিরিজ ‘দ্য স্টেয়ারকেস’ দেখে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে এক সফটওয়্যার কনসালটেন্টের বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্ত্রী কোমল সিংকে তলোয়ার ও কাঁচি দিয়ে হত্যা করে প্রায় ১২ লাখ ৭৫ হাজার রুপি নিয়ে পালিয়ে যান ৬২ বছর বয়সী কামাল সিং। প্রায় তিন দিন অভিযান চালানোর পর মথুরা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩০ জুলাই পূর্ব দিল্লির একটি বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না। দুপুরে বারান্দায় কাপড় শুকাতে থাকা কোমল সিংয়ের মাথার পেছনে তলোয়ার দিয়ে আঘাত করেন কামাল। প্রাণ বাঁচাতে রান্নাঘরে পালিয়ে গেলেও তাঁকে চুল ধরে টেনে বের করে কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।
হত্যার পর স্নান করে রক্তমাখা পোশাক ও তলোয়ার একটি ব্যাগে ভরে স্কুটারে করে পালিয়ে যান কামাল। পরে রাস্তায় ব্যাগটি ফেলে দেন। স্ত্রীর ঘর থেকে ৫ লাখ রুপি নেওয়ার পাশাপাশি দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও ৭ লাখ রুপি তুলে নেন তিনি।
জিজ্ঞাসাবাদে কামাল জানান, ‘দ্য স্টেয়ারকেস’ দেখে হত্যার অস্ত্র গায়েব করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের নজর এড়াতে ফোন অন রেখে নেপালে যাওয়ার ভান করেন। পরে ফোন বন্ধ করে মথুরায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ।
তদন্তকারীরা জানান, দম্পতির মধ্যে প্রায় এক বছর ধরে পারিবারিক বিরোধ চলছিল। একই বাড়িতে থেকেও তাঁরা আলাদা বিদ্যুৎ বিল দিতেন। মুম্বাই সফরে এক নারীর সঙ্গে কামালের ঘনিষ্ঠতা এবং জাগাৎপুরীর একটি ফ্ল্যাটের মালিকানা নিয়েও বিরোধ ছিল। ওই ফ্ল্যাট বাবার নামে কিনতে চেয়েছিলেন কামাল। এতে স্ত্রী কোমল নিজের অংশ দাবি করলে দাম্পত্য কলহ আরও তীব্র হয়। শেষ পর্যন্ত সেই সম্পত্তি বিরোধই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হয়ে ওঠে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
