রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া এক কিশোরকে (১২) যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম মঈনুদ্দিন চৌধুরী।
রবিবার (১৯ এপ্রিল) সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা-পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সকালে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঈনুদ্দিন একজন করপোরেট ট্রেইনার, পাশাপাশি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি শাহজাদপুর এলাকায় ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটে থাকতেন।
ভুক্তভোগী ওই কিশোর বাসার পাশে মাঠে খেলার সময় অভিযুক্ত শিক্ষক তাকে ডেকে নেয়। বিভিন্ন প্রলোভনে যৌন নির্যাতন করে। ঘটনা কাউকে না জানানোর জন্যে ভয়ভীতি দেখায়।
ঘটনার পর ওই কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার দেখানো হয়। এরপর ওই শিক্ষক আরেক দফা নির্যাতন করলে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগীর পরিবার।
সুত্রঃ বাংলা ট্রিবিউন
